উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)র সিদ্ধিরগঞ্জের আওতাধীন নাসিক ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় মোটা অংকের ঘুষের বিনিময়ে বহুতল ভবনে নিয়মবহির্ভূতভাবে এলটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে মিটার রিডার মোবারক হোসেন ও সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে।
সিদ্ধিরগঞ্জের সাবেক মিটার রিডার ও বর্তমান ফতুল্লা ডিপিডিসির মিটার রিডার মোবারক হোসেনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়।
জানা যায়, মোবারক হোসেন একসময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসিতে মিটার রিডার ছিলেন এবং তার বাসা সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকাতে। হীরাঝিল এলাকায় বসবাসের সুবাদে হীরাঝিল আবাসিক এলাকার বহুতল ভবন মালিকদের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তুলেন মোবারক হোসেন। পরে বহুতল ভবনে এলটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকার ঘুষের মাধ্যমে এলটি সংযোগ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোবারক ও ডিপিডিসির বিরুদ্ধে।
বিদ্যুৎ আইনের নিয়ম-বহির্ভূতভাবে মোটা অংকের টাকার বিনিময়ে মোবারকের দালালির মাধ্যমে হীরাঝিল এলাকায় অসংখ্য বহুতল ভবনে এলটি ও এসটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মিটার রিডার মোবারক হোসেন ফতুল্লায় বদলি হলেও সিদ্ধিরগঞ্জ জুড়ে রয়েছে তার রাজত্ব। হীরাঝিল এলাকায় যত বাসা-বাড়ী রয়েছে সব বিদ্যুৎ এর মিটারসহ যাবতীয় সকল কাজ মোটা অংকের ঘুষের বিনিময়ে করছে মোবারক হোসেন। এসব ঘুষের টাকা সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তাদের নামেই তুলছে মোবারক।
হীরাঝিল এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, হীরাঝিলে আমার ৭ তলা ভবন রয়েছে। আমি বিদ্যুৎ সংযোগ আনার সময় আমাকে বিদ্যুৎ আইন অনুযায়ী এসটি সংযোগ নিতে হয়েছে। অথচ আমাদের হীরাঝিল এলাকায় বহুতল মালিকরা মিটার রিডার মোবারক হোসেনের মাধ্যমে এবং মোটা অংকের ঘুষের বিনিময়ে কিভাবে এলটি সংযোগ পেয়ে যায়। যা ডিপিডিসি তদন্ত করলেই বের হয়ে যাবে।
সম্পূর্ণ অবৈধভাবে ও বিদ্যুৎ আইনের নিয়মবহির্ভূত ভাবে এই সংযোগ গুলো দেওয়া হয়েছে। মোবারক ফতুল্লায় মিটার রিডার হিসাবে বদলি হলেও হীরাঝিলে বর্তমানে তার বাসা থাকার সুবাদে এখনো পর্যন্ত হীরাঝিল এলাকার যত বহুতল ভবন আছে সম্পূর্ণ বিদ্যুতের সংযোগের কাজ মোট অংকের টাকার বিনিময় করছে। গত কয়েক বছরে মিটার রিডার মোবারক হোসেন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তারা। বিদ্যুৎ চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এসব মিটার রিডাররা। মিটার রিডার মোবারক হোসেনের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা এলাকাবাসী।
উক্ত বিষয় জানতে মিটার রিডার মোবারক হোসেনের মুঠোফোনে কথা বললে তিনি অভিযোগ গুলো অস্বীকার করেন এবং নামাজ পড়বেন বলে ফোন কেটে দেন।
ফতুল্লা ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আহসানুল হক বলেন, মোবারক হোসেন আমার ফতুল্লা ডিপিডিসির মিটার রিডার।সে সিদ্ধিরগঞ্জে কি অনিয়ম করেছে তা আমি জানিনা, যেহেতু সিদ্ধিরগঞ্জ এলাকা আমার আওতাধীন নয়। তিনি সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন।
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তা (এসি) শের আলী বলেন, উক্ত বিষয়টি আমাদের জানা নেই। যদি এ ধরনের বহুতল ভবন যদি নিয়মবহির্ভূত ভাবে সংযোগ নিয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব এবং এসব কাজে যে জড়িত তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো তবে সংবাদ মাধ্যমে তার বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।
উক্ত বিষয়ে কথা বলতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)র এমডি হাবিবুন নাহারকে তার মুঠোফোন ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।