উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। বিকেল থেকে বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গ্রিন গার্ডেন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিশাল র্যালিটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে র্যালির পুরো এলাকা।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন,বিএনপি এ দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকারকে আরও দৃঢ় করার দিন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা সব সময় দলের যেকোনো কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেছেন। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক মামুন মাহমুদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।