উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাতকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
শনিবার (৩রা অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সানজিদ হাসনাতের পরিবার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় কোন মামলা নেই।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক জানান, আটকের পর সানজিদ হাসনাতকে ডিবি সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত সানজিদ হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের আওয়ামী লীগের মনোনয়নে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কায়সার হাসনাত সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।