উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মাদকবিরোধী অভিযানে আহমেদ মৃদুল (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার বিরুদ্ধে।
গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ ওয়াসার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয় বলে জানা গেছে। তাদের মধ্যে আহমেদ মৃদুলও ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমেদ মৃদুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সরকারবিরোধী বিভিন্ন পোস্টও করেন অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, আটকের পর আহমেদ মৃদুলকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। পরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেন বলে দাবি করা হচ্ছে। তবে কী কারণে এবং কোন প্রক্রিয়ায় তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
“এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।”
অভিযোগের বিষয়ে জানতে ফারহানা মানিক মুনার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান অভিযোগটি অস্বীকার করে বলেন, “এমন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি কিংবা কোনো নেত্রী আসামি ছাড়াতে থানায় আসেনি। মাদকসেবী বা মাদক কারবারি কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"