উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জে বিভিন্ন অনলাইন পোর্টাল ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন।
শনিবার (১০ অক্টোবর) এক প্রতিবাদ ও নিন্দা বার্তায় তিনি জানান, একটি চিহ্নিত রাজনৈতিক মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত করছে। যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন মনগড়া অভিযোগে তাঁর নাম জড়িয়ে তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহাবুব হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের আদর্শ ও নীতিতে বিশ্বাস করে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। রাজনৈতিক কারণে বহু মামলার আসামি হয়েছি এবং বারবার কারাবরণ করতে হয়েছে। দলের চরম দুঃসময়েও রাজপথে ছিলাম। অথচ কয়েকদিন যাবত একটি মহল আমাকে ঘিরে
সাংবাদিকদের মনগড়া তথ্য দিয়ে আমার রাজনৈতিক পরিচয় ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় মোক্তার হোসেন নামের এক ব্যক্তি গ্রেপ্তারের পর প্রকাশিত কিছু সংবাদে মাহাবুব হোসেনের নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওইসব প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও ল্যান্ডিং স্টেশন নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
এ প্রসঙ্গে মাহাবুব হোসেন জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই প্রমাণ ছাড়া অন্য কাউকে সেই অপকর্মের সঙ্গে জড়িয়ে দেওয়া সমীচীন নয়। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য বের হয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা। সঠিক তদন্তে যে সিদ্ধান্ত আসবে, তাকে আমি সম্মান জানাব। কিন্তু কোনো প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা মেনে নেওয়া যায় না।
তিনি আরোও জানান একপক্ষীয় সংবাদ প্রকাশের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে গণমাধ্যমের প্রতি বিনীত আহ্বান জানান।