উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গত কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সঠিক তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আমি আমার ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাগো দল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমি ১৯৭৮ সনে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি, পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি। ২০০৩ সনে থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, ২০০৪ সনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদে থেকে নিষ্ঠার সাথে দলীয় কর্মকাণ্ড করে যাচ্ছি। আমি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যকরী কমিটির সদস্য, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, বাতান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বাতান পাড়া সমাজকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম । বিএনপি'র দুঃসময় ও সংকটময় মুহূর্তে
রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। নিজের জীবন ও যৌবনের মূল্যবান সময় ব্যয় করে বিএনপিকে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
আমি কখনো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নীতি, আদর্শ ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি। অন্যায় ও অসত্যকে কখনো সমর্থন করিনি; মিথ্যার সঙ্গে আপস করাও আমার নীতির পরিপন্থী।
সামাজিক শান্তি, শৃঙ্খলা ও এলাকার উন্নয়নে আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। দলীয় নেতাকর্মীদের সঠিক পথে পরিচালিত করতে এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। ব্যক্তিগত সম্পর্ক, পরিবার ও আত্মীয়স্বজনের ঊর্ধ্বে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি।
আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। সে সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা-মামলায় জর্জড়িত হয়ে নির্যাতিত হয়েছি। তাদের অত্যাচারে বাড়িঘর ও পরিবার-পরিজন ছেড়ে দুঃখ কষ্টে অসহায় ও নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে। তারপরও আদর্শ ও নীতির প্রশ্নে আপস করিনি। দলের জন্য আমি আমার বাড়ি ঘর, জায়গা সম্পত্তি বিক্রি করেছি।
আমি সৎ উপায়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে জীবিকা নির্বাহ করছি। দলীয় প্রভাব খাটিয়ে কোনো অবৈধ উপার্জনের সঙ্গে জড়িত হইনি। ভবিষ্যতেও সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করতে চাই।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। বর্তমানে আমি মিজমিজি বাতান পাড়া ফাজিল মাদরাসা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মিজিমিজি পাইনাদী ফাজিল( ডিগ্রী) মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি , সাধারণ সম্পাদক -বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ মিজমিজি পাইনাদী শাখা, সাধারণ সম্পাদক - খানকায়ে জামে মসজিদ পরিচালনা কমিটি চিটাগাংরোড, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাতান পাড়া পঞ্চায়েত কমিটি, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাতেন পাড়া দুর্নীতি দমন কমিটি, সাবেক সাধারণ সম্পাদক জাগরণী সংসদ,মিজমিজি পাইনাদী। মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকা এবং জনকল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।
আমার দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতি আস্থা রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এলাকাবাসী আমাকে সমর্থন জানিয়েছেন। । আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল অসত্য তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
সাংবাদিকরা জাতির বিবেক এবং গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা যাচাই করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে আমার বক্তব্য গ্রহণ করে উভয় পক্ষের মতামত ও প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।
আমি বিশ্বাস করি, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যই বিভ্রান্তি দূর করতে পারে। তাই আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি।