উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর ওপর কয়েকজন হামলা করে। হামলার এক পর্যায়ে সাহেব আলীকে গুলি করে। গুলিবিদ্ধের পরে পাশের একটি ডোবায় সাহেব আলী পড়ে যায়।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজে হামলার সময় সাহেব আলীর দিকে গুলি ছুড়তে দেখা যাওয়া ব্যক্তির নাম রনি বলে জানা যায়। ফুটেজে তাঁকে সাহেব আলীকে ইট দিয়ে আঘাত করতেও দেখা যায়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ, ডিবি ও পিবিআই'র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সাহেব আলীকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সাহেব আলী আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। সে পুলিশের উপর হামলার ঘটনারও একজন আসামি। তাকে হত্যার ঘটনায় যারা জড়িত আমরা তাদেরকেও চিহ্নিত করছি, তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এদিকে পুলিশ জানায়, সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র এবং নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তৎকালিন র্যাব-১১ এর উপর অতর্কিত হামলা চালায়। চলতি বছরের আগস্ট মাসে ওয়াপদা কলোনি এলাকায় পুলিশের ওপর হামলা করে।