উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আনাজেত উল্লাহ :
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইশরাক হোসেন তাঁর লিখিত পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গত সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান।
ইশরাকের পদত্যাগের ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা কমে ৫০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৭ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরদিন সোমবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত জানান ইশরাক।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন। তাঁর দাবি, এ ঘটনায় তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইশরাক। সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।