উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ম্যানচেস্টার ইউনাইটেডে দায়িত্ব পালনকালে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে নিজের হতাশার কথা প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক কোচ এরিক টেন হাগ। পর্তুগিজ এই মহাতারকার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা থাকলেও মাঠে তাঁর আচরণ ও পরিশ্রম নিয়ে অসন্তুষ্ট ছিলেন বলে জানিয়েছেন ডাচ এই কোচ।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও ইউনাইটেডে কাটানো সময়ের নানা বিষয় তুলে ধরেন টেন হাগ।
২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সময় দলটিতে ছিলেন রোনালদোও। দায়িত্ব গ্রহণের আগেই পর্তুগালে গিয়ে রোনালদোর সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন টেন হাগ। তবে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি তাঁর প্রত্যাশা অনুযায়ী এগোয়নি।
রোনালদোকে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে টেন হাগ বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল। তবে ম্যানেজার হিসেবে দল ও খেলোয়াড়দের স্বার্থ বিবেচনা করে তাঁকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছে।
২০২২ সালের অক্টোবরে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানান রোনালদো। এর জেরে পরের ম্যাচে চেলসির বিপক্ষে তাঁকে স্কোয়াডের বাইরে রাখেন টেন হাগ। এরপর নভেম্বরে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে রোনালদো দাবি করেন, ক্লাব তাঁকে প্রতারিত করেছে। একই সঙ্গে টেন হাগের প্রতি সম্মান নেই বলেও জানান তিনি। এর কিছুদিন পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
রোনালদোর ফিটনেস ও মাঠে পরিশ্রমের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন টেন হাগ। তাঁর মতে, রোনালদোকে দিয়ে অতিরিক্ত প্রেসিং করানো তাঁর উদ্দেশ্য ছিল না। তবে দলের প্রয়োজনে প্রয়োজনীয় দৌড় ও পরিশ্রমের ঘাটতি ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের খেলায়।
টেন হাগের ভাষ্য, শীর্ষ দলগুলো বড় তারকাদের দলে নিতে আগ্রহী থাকে। কিন্তু দলের হয়ে খেলতে হলে সেই তারকাকেও দলীয় স্বার্থে পরিশ্রম করতে হবে।
সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সময়ের নানা অপূর্ণতা ও আক্ষেপের কথাও তুলে ধরেন টেন হাগ। তাঁর দাবি, ক্লাবে যোগ দেওয়ার পর ফ্রেঙ্কি ডি ইয়ং, হ্যারি কেইন ও ডেকলান রাইসের মতো খেলোয়াড়দের দলে ভেড়াতে চেয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২৪ সালের আগস্টে স্কট ম্যাকটমিনেকে নাপোলির কাছে বিক্রি করার সিদ্ধান্তেও তাঁর আপত্তি ছিল।
ইউনাইটেডে নিজের সময়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে গোল করার ঘাটতিকে চিহ্নিত করেন এই ডাচ কোচ। তাঁর মতে, দলের রক্ষণভাগ ও মাঝমাঠে উন্নতির পাশাপাশি গোল করার সামর্থ্যসম্পন্ন খেলোয়াড়েরও প্রয়োজন ছিল।
টেন হাগ বলেন, প্রথম মৌসুম থেকেই তিনি দলের সেন্টার-ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ডের দুর্বলতার কথা তুলে ধরেছিলেন। একই সঙ্গে কৌশলগতভাবে দক্ষ খেলোয়াড় এবং গোল করার মতো একজন কার্যকর ফরোয়ার্ডের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছিলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে দায়িত্ব পালনকালে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন টেন হাগ। রোনালদোর সঙ্গে তাঁর দ্বন্দ্ব যেমন আলোচনায় ছিল, তেমনি দল গঠন ও গোল করার সমস্যা নিয়েও ছিল নানা বিতর্ক। সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা ও হতাশার কথাই আবার সামনে আনলেন সাবেক এই কোচ।