উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দায়িত্ব পালনে উৎকর্ষ সাধন ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২য় বারের জন্য ঢাকা জেলার সেপ্টেম্বর মাসের ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন উপ পুলিশ পরিদর্শক (এসআই) আল মামুন। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের হাত থেকে এই পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
২৮ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ০৭:৩০ মিনিটে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে পুরস্কার ঘোষণা করেন।
মাস্টার প্যারেড শেষে সকাল ০৯:০০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের “হল রুম”-এ কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা (প্রশাসন ও অর্থ) ঢাকা।
পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় মিল ব্যারাক কনভেনশন হলে সেপ্টেম্বর/২০২৬ মাসের “মাসিক কল্যাণ সভা” ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পুলিশ সুপার অবগত হন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের মধ্যে আর্থিক পুরস্কার প্রদান করেন। এছাড়া পুলিশ সুপার দুর্গাপূজার ডিউটিতে দায়িত্বপালনকারী সকলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেন।
মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসার, সকল থানা ও ইউনিট প্রধানসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই আল মামুন বলেন, পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ এবং মনোবল আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জনকে একক কোনো ব্যক্তির সাফল্য হিসেবে না দেখে তিনি এর পেছনে সংশ্লিষ্ট সকলের অবদান স্মরণ করেন।
দেশ ও জনগণের সেবায় যেন সর্বদা নিজেকে সততা ও নিষ্ঠার সাথে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। সেই সাথে সহকর্মীদের প্রতি অভিনন্দন ও সহযোগিতা কামনা করেন।