উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিতে নির্মাণকাজে বাধা, ৫০ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইকবাল হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতিসাধন এবং শ্রমিকদের মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভূক্তভোগী পরিবার।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নাসিক ১ নম্বর ওয়ার্ডের ধনুহাজী রোডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন সানু ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এর আগেও তিনবার অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। সর্বশেষ ঘটনার পর বিএনপি নেতা ইকবাল হোসেনকে প্রধান অভিযুক্ত করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগে অভিযুক্তরা হলেন, নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৃত ইদ্রিস আলীর ছেলে বিএনপি নেতা ইকবাল হোসেন (৪৫), বিএনপি নেতা পলাশ (৪০), মোক্তার (৪৫), ফারুক (৪৫), সাইফুল (৩৮), রাসেল (৩২), সবুজ (৩৮), নাদিম (৩৫) এবং একই এলাকার মৃত শফিউল্লাহ মাস্টারের ছেলে সুফিয়ান (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকায় গুলজার হোসেনের কাছ থেকে ৭ দশমিক ৮০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখলে রয়েছেন শাহাদাত হোসেন সানু। বর্তমানে ওই জমিতে নির্মাণকাজ চলমান রয়েছে। গত ৭ অক্টোবর সকালে অভিযুক্তদের মধ্যে ১ থেকে ৫ নম্বর ব্যক্তি তাঁর জমিতে নির্মাণকাজে বাধা দেন। এ সময় তাঁরা তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং পরবর্তী তিন দিনের মধ্যে দাবিকৃত টাকা পরিশোধ না করলে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন।
এর চার দিন পর ২ থেকে ৫ নম্বর অভিযুক্ত পুনরায় জমিতে গিয়ে তাঁকে ও নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
অভিযোগে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর রাতে অভিযুক্তরা অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৭০-৮০ জনের একটি দল নিয়ে নির্মাণাধীন ভবনে হামলা চালান। এ সময় ভবনের চারপাশের সীমানাপ্রাচীর ও চারটি কক্ষ লোহার রড, শাবল, হাতুড়ি, কাঠের ডাসা, হকি স্টিক ও স্টাম্প দিয়ে পিটিয়ে ভাঙচুর করা হয়। এতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভূক্তভোগী শাহাদাত হোসেন জানান।
এ সময় ভবনে কর্মরত শ্রমিকদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ২ ও ৫ নম্বর অভিযুক্তসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে স্থানীয় এক বিএনপি নেতার হস্তক্ষেপে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর পরিবারের সদস্যরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, উক্ত ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।