উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবদুর রউফ, চৌদ্দগ্রাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র রিসিপশন ইনচার্জের হাতে রোগী লাঞ্চিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে (১লা নভেম্বর) উপজেলার বাতিসা ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে। এ ঘটনায় উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরা স্বাস্থ্য কেন্দ্রের এই চিত্র দেখে বিব্রতবোধ করেন।
জানা গেছে, উপজেলা বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের সফিক মোল্লা (৬৫) অসুস্হ হয়ে চেম্বারে থাকা ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ফারজানা রহমানের সাথে সাক্ষাত করে ঔষধের প্রেসক্রিপশন নিয়ে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র রিসিপশন ইনচার্জ মো: নাছির উদ্দিন এর কাছে গেলে তিনি সব ঔষধ দিতে অপারগতা প্রকাশ করেন। রোগী সফিক মোল্লা প্রয়োজন মতো ঔষধ না পেয়ে জিজ্ঞেস করলে, এসময় তার সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এই ঘটনা চলাকালীন চিকিৎসা নিতে আসা আগত রোগী এবং স্বজনরা বিব্রতবোধ করেন।
চিকিৎসা নিতে আসা দেবিপুর গ্রামের লায়লা বেগম (৫৫) জানান, আমার শরীরে অনেক সমস্যা, আজকের ঔষধের সাথে আমাকে একপাতা সর্দির ঔষধের কথা বললে, ডাক্তার বলেন আপনাকে সকল ঔষধ দেওয়া যাবেনা। রোগী বাহিরে এসে সাংবাদিকদের কাছে পেয়ে বলতে থাকেন, অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন কি হাসপাতালে আসা যায়! সব ঔষধ তো দেয় নাই, কিছু ঔষধ বাহির থেকে কিনে নিতে হবে।
ঘটনার বিষয়ে রিসিপশন ইনচার্জ মো: নাছির উদ্দিন বলেন, হাসপাতালে আগত স্থানীয় রোগী সফিক মোল্লা প্রেসক্রিপশনের বাইরে ঔষধ দাবী করলে, আমি না দেওয়ায় বাকবিতন্ডার ঘটনা ঘটে। তিনি প্রায় সময়ে শরীর অসুস্থ্য বলে ঔষধ নিয়ে যান।
রোগী সফিক মোল্লা জানান, ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ভালো সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু রিসিপশন ইনচার্জ নাছির উদ্দিন প্রায় সময় ঔষধ নিতে গেলে বিভিন্ন রোগীর সাথে খারাপ ব্যবহার করেন। আজ রবিবার আমি ডাক্তারের সাথে সাক্ষাত করে ঔষধের জন্য রিসিপশনে গেলে, আমার সাথে খারাপ ব্যবহার করেন এবং পৌরসভা এলাকার দাপট দেখান। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে, তিনি আমাকে লাঞ্চিত করেন।
এ বিষয়ে ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের ফারজানা রহমান জানান ,রোগীর সাথে বাড়তি ঔষধ নিয়ে রিসিপশনে বাকবিতন্ডার ঘটনা ঘটে। আমি উভয়কে শান্ত থাকার জন্য বলেছি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী রোববার (১লা নভেম্বর) বিকেলে বলেন, রিসিপশন ইনচার্জ নাছির উদ্দিনের কাছে নিয়ম বহির্ভুত বাড়তি ঔষুধ দাবি করেছে শফিক মোল্লা নামের এক রোগী। এজন্য রোগী বাকবিতন্ডা করেছে। এছাড়া অন্য কোন ঘটনা ঘটেনি।